মালদা

লেবু বাবুর পর এবার অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরীর বিরুদ্ধে টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগ

শুক্রবার মোটা টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগ ওঠে তৃণমূলের কালিয়াচক ব্লক সভাপতি আবু নাসের খান চৌধুরীর বিরুদ্ধে। যার কারনে ব্লক সভাপতির বাড়ির সামনে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সহ জালুয়াবাথাল গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরী বিক্ষোভ ও ধর্নায় বসেন। কিন্তু শনিবার এই ঘটনার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই এবার জালুয়াবাথাল গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরী বিরুদ্ধে মটা টাকার বিনিময়ে সিম্বল বিক্রি করার পাল্টা অভিযোগ তুলল ব্লক তৃনমূল নেতৃত্ব। 

        জানা যায়, কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরী সহ বেশ কয়েকজনকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট দেবে বলে জানায়। কিন্তু অঞ্চল সভাপতি সহ তৃণমূলের বেশ কয়েকজনের অভিযোগ, যারা নতুন করে সিপিএম ও কংগ্রেস ছেড়ে দলে যোগদান করেছে, তাদের কেই পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সিম্বল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তারা বার বার ব্লক সভাপতি আবু নাসের খানের সঙ্গে দেখা করলেও তার সুরাহা হয়নি। শুক্রবার দুপুরে অঞ্চল সভাপতি জিয়াউল চৌধুরী সহ বেশ কয়েকজন কর্মী সর্মথক ব্লক সভাপতি আবু নাসের খানের বাড়িতে দেখা করার জন্য হাজির হন। কিন্তু ব্লক সভাপতি তাদের সঙ্গে দেখা করেননি। ফলে এদিন তারা টিকিটের দাবিতে বাধ্য হয়ে নাসের খানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল ব্লক তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে দলের তরফে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন লুতফুর রহমান।

        এবিষয়ে কমিটির সদস্য লুতফুর রহমান অভিযোগ করে বলেন, তারাও জালুয়াবাথাল গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরীর বিরুদ্ধে টাকার বিনিময়ে সিম্বল বিক্রী করার অভিযোগ পেয়েছেন। যার তদন্তে তিন সদস্যের এক কমিটির গঠন করা হয়েছে।

        কিন্তু প্রশ্ন উঠছে, শুক্রবারের জালুয়াবাথাল গ্রামপঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহন্মদ জিয়াউল চৌধুরীর বিক্ষোভের পরের দিন তার বিরুদ্ধে দলের এই অভিযোগ কতটা যুক্তি যুক্ত।